কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে একটি মালবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দিলে ওমর ফয়সাল (১০) নামে এক রোহিঙ্গা শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৬ জন আহত হয়েছেন।
সোমবার (১৮ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়ার মধুরছড়া পুলিশ ক্যাম্পের আওতাধীন ক্যাম্প-৩ এর মোচরা বাজার সংলগ্ন ব্লক-এফ/৭২ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ওমর ফয়সাল ক্যাম্প-৩ এর ব্লক-ই/৫৭ এলাকার আব্দুল হামিদের ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন— সাইফুল আলম (১৬), নুরুল ইসলাম (২৬), আব্দুর রহমান (৪০), মোহাম্মদ ইলিয়াস (৪৭), আবদুল্লাহ (৫৪), করিম উল্লাহ (৩৫) ও মোহাম্মদ খলিল (৫৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, একটি মালবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই কয়েকজন আহত হন। দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও স্থানীয় রোহিঙ্গারা পিকআপটি আটক করে রাখেন। খবর পেয়ে মধুরছড়া পুলিশ ক্যাম্পের মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পিকআপটি জব্দ করে ক্যাম্পে নিয়ে যায়। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটস্থ আরটিএম হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওমর ফয়সালকে মৃত ঘোষণা করেন।
মধুরছড়া পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মৃত্যুঞ্জয় দে সজল জানান, দুর্ঘটনায় জড়িত পিকআপটি জব্দ করা হয়েছে। পলাতক চালককে আটকের চেষ্টা চলছে এবং এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


