বিশ্ব সাইকেল দিবস বুধবার (৩ জুন)। বিশ্বজুড়ে প্রতিবছর বিশেষ এই দিনটি পালন করা হয়।
বাংলাদেশেও দিবসটি পালন করা হচ্ছে। বিভিন্ন সাইকেল রাইড সংগঠনগুলো দিবসটি উপলক্ষে নানা কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে।
বিশ্ব বাইসাইকেল দিবস সাইকেলের গুরুত্ব ও প্রয়োজনিয়তা তুলে ধরে। এটি বায়ুদূষণ কমায়।
ট্রাফিক যানজট নিরসন করে। একই সঙ্গে এটি স্বাস্থ্যের জন্য উপকারী।
যুক্তরাষ্ট্রের একজন অধ্যাপক লেসজেক সিবিলস্কি বাইসাইকেল নিয়ে একটি প্রচারাভিযান শুরু করেন। তার অন্যতম লক্ষ্য ছিল জাতিসংঘ বিশ্বে সাইকেলের সমর্থনে একটি দিন নির্ধারণ করবে।
২০১৫ সালে তিনি একটি একাডেমিক প্রকল্প নিয়ে কাজ শুরু করেন। এই প্রকল্পটি একটি বড় আন্দোলনে পরিণত হয়েছিল এবং শেষ পর্যন্ত বাইসাইকেলের জন্য জাতিসংঘ একটি দিন নির্ধারিত করে।
২০১৮ সালের ১২ এপ্রিল জাতিসংঘ সাধারণ পরিষদের ১৯৩টি সদস্য রাষ্ট্র সর্বসম্মতিক্রমে ৩ জুনকে বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। এই প্রস্তাবে তুর্কমেনিস্তান ব্যাপক সমর্থন জানিয়েছিল এবং সহ-পৃষ্ঠপোষকতা করেছিল প্রায় ৫৬টি দেশ।


