মিঠু আহ্বায়ক, দিদার-বিটু সদস্য
মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (৬ জুন) বিকেলে ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম মাঈন উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভায় ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করে ৩ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
গঠিত কমিটিতে কালের কণ্ঠ মাল্টিমিডিয়া চট্টগ্রাম ব্যুরো প্রধান এনায়েত হোসেন মিঠুকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া ক্লাবের সাবেক সহ-সভাপতি দিদারুল আলম ভূঁইয়া ও প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন বিটুকে সদস্য মনোনীত করা হয়েছে।
জানা গেছে, কার্যনির্বাহী কমিটির সর্বশেষ সভায় মিরসরাই প্রেসক্লাব গঠনতন্ত্রের (তৃতীয় সংশোধনী) অনুচ্ছেদ-১৫ এর ১ নম্বর ধারা মোতাবেক ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত করা হয়। পরে সর্বসম্মতিক্রমে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবগঠিত আহ্বায়ক কমিটি আগামী ৬০ দিনের মধ্যে নতুন কার্যনির্বাহী কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচনের উদ্যোগ নেবে। একইসঙ্গে সম্মেলন প্রস্তুতি উপ-কমিটি, অর্থ উপ-কমিটি এবং প্রচার ও প্রকাশনা উপ-কমিটিও গঠন করা হয়েছে।


