রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ অবস্থায় হাসপাতালটিতে ভর্তি থাকা রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ঢাকার ৬টি হাসপাতালকে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
শুক্রবার (১২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসানের সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, গত ১১ জুনের স্মারক অনুযায়ী আদ্-দ্বীন উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে। এ অবস্থায় ওই হাসপাতাল থেকে রেফার করা রোগীদের স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় তাদের তাৎক্ষণিক ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে নির্দেশ দেয়া হলো।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট— এই ৬ হাসপাতালে রেফারের নির্দেশ দেয়া হয়েছে।
এ নিয়ে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। নতুন করে রোগী ভর্তি না করা বা বহির্বিভাগ পুরোপুরি বন্ধ থাকায় চিকিৎসা নিতে আসা অনেককেই ফিরে যেতে হচ্ছে। চিকিৎসা পাবেন কি না—এমন শঙ্কা থেকেই হাসপাতাল পরিবর্তনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন রোগীর স্বজনরা।
তবে দীর্ঘদিন ধরে এই হাসপাতালে কিডনি ডায়ালাইসিসসহ নানা রোগের চিকিৎসা করাচ্ছেন যারা, তারা পড়েছেন বিপাকে। শুক্রবার (১২ জুন) বিকেল পর্যন্ত ১৭৩ জন রোগী হাসপাতাল ছেড়েছেন। ২৪৩ জন রোগী এখনও ভর্তি রয়েছেন। তাদের মধ্যে এনআইসিইউতে ৫০টি নবজাতক, আইসিইউতে ১৩ জন এবং সিসিইউতে ৬ জন রোগী ভর্তি রয়েছেন।
স্বজনদের দাবি, যেসব রোগীর অবস্থা সংকটাপন্ন, তারা হঠাৎ করে অন্য কোথাও যেতে পারছেন না।


