শামসু উদ্দিন, টেকনাফ (কক্সবাজার): কক্সবাজারের টেকনাফ উপজেলায় মাথা ও পায়ে আঘাতপ্রাপ্ত একটি বন্য মা হাতি লোকালয়ে প্রবেশ করেছে। হাতিটি বর্তমানে টেকনাফ সদর ইউনিয়নের কেরনতলী এলাকায় কোস্টগার্ড কার্যালয়ের ভেতরে অবস্থান করছে। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে উদ্ধার ও প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার কার্যক্রম শুরু করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের কেরনতলী এলাকার পাহাড় থেকে হাতিটি নিচে নেমে লোকালয়ে চলে আসে। পরে কেরনতলী ব্রিজের নিচ দিয়ে হেঁটে সেটি সরাসরি কোস্টগার্ড কার্যালয়ের ভেতরে প্রবেশ করে।
কেরনতলী এলাকার বাসিন্দা আব্দু শুক্কুর জানান, বিকালের দিকে তাদের বাড়ির পশ্চিম পাশের পাহাড় থেকে একটি বড় মা হাতি নিচে নেমে আসে। হাতিটির মাথা ও পায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে। ধারণা করা হচ্ছে, আহত ও অসুস্থ অবস্থায় খাদ্য বা নিরাপদ আশ্রয়ের সন্ধানে হাতিটি লোকালয়ে চলে এসেছে আরেক স্থানীয় বাসিন্দা আশরাফুল ইসলাম আসাদ জানান, গত তিন দিন ধরে হাতিটিকে কেরনতলী পাহাড় ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতে দেখা গেছে। আজ হঠাৎ সেটি কোস্টগার্ড কার্যালয়ে ঢুকে পড়ে। হাতিটির সামনের ডান পা ও মাথায় স্পষ্ট আঘাতের চিহ্ন রয়েছে।
টেকনাফ সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজির আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বন্য মা হাতিটি লোকালয়ে ঢুকে কোস্টগার্ড কার্যালয়ের ভেতরে অবস্থান নেওয়ার পরপরই বন বিভাগকে বিষয়টি জানানো হয়। হাতিটিকে নিরাপদে বনে ফিরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ বিষয়ে টেকনাফ বন বিভাগের কর্মকর্তা আব্দুর রশীদ বলেন,একটি মা হাতি কোস্টগার্ড কার্যালয়ের ভেতরে অবস্থান করছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বন বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। হাতিটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান এবং তাকে নিরাপদ পরিবেশে ফিরিয়ে নেওয়ার জন্য সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


