বিনোদন জগতে হরহামেশাই প্রেম-বিচ্ছেদের গুঞ্জন শোনা যায়। বিনোদন তারকাদের সঙ্গে ক্রীড়া ভুবনের তারকাদের রোমান্সের উদাহরণও কম নয়। ক্রিকেট আর বিনোদন ‘মিতালী’ নতুন কিছু নয়। পতৌদি-শর্মিলা, বিরাট-আনুশকা থেকে হরভজন-গীতা বসরা, যুবরাজ-হ্যাজেল কিচের মতো একগুচ্ছ উদাহরণ রয়েছে। শোনা যাচ্ছে, এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে আরও দুটি নাম। ভারতীয় তারকা ক্রিকেটার অভিষেকের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন লাস্যময়ী অভিনেত্রী মাহিরা শর্মা।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের বরাতে জানা যায়, সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে সদ্য আইপিএল কাঁপানো অলরাউন্ডার অভিষেক শর্মার সঙ্গে গভীর সম্পর্কে রয়েছেন বিগ বস খ্যাত লাস্যময়ী অভিনেত্রী মাহিরা শর্মা। তবে দুই তারকার কেউই তাদের মধ্যে সম্পর্কের কথা স্বীকার করেননি।
সোশ্যাল মিডিয়ায় দুই ‘শর্মা’র সমীকরণ নিয়ে এখন চলছে জোর গুঞ্জন। আর এই জল্পনার সূত্রপাত একটি বিশেষ ব্রেসলেটকে কেন্দ্র করে। সম্প্রতি ইনস্টাগ্রামে কালো ট্যাঙ্ক টপ ও জিন্স পরা কিছু আবেদনময়ী ছবি পোস্ট করেন মাহিরা। ক্যাপশনে লেখেন, ‘আমাকে নিয়ে কথা বলো, তবে শুধু আমার মিষ্টি স্বভাব নিয়েই বোলো।’ তবে নেটিজেনদের নজর কাড়ে তার হাতের একটি প্লাস সাইন (যোগ চিহ্ন) ডিজাইনের কালো ব্রেসলেট।
কয়েক ঘণ্টা পরই ব্যাট হাতে মাঠ কাঁপানো অভিষেক শর্মা সমুদ্রসৈকত থেকে ক্যাজুয়াল লুকে কিছু ছবি শেয়ার করেন। আর সেখানেই ধরা পড়ে আসল ধাঁধা! ক্রিকেটারের কবজিতেও জ্বলজ্বল করছে হুবহু একই প্লাস সাইন ডিজাইনের ব্রেসলেট। এমনকি আইপিএলের কিছু ম্যাচেও অভিষেকের হাতে এটি দেখা গিয়েছিল।
দুই তারকার হাতের এই ‘যুগলবন্দি’ দেখেই নেটপাড়ার গোয়েন্দারা দুইয়ে দুয়ে চার মিলিয়ে নিয়েছেন। এটা কি শুধুই কাকতালীয়, নাকি গোপনে সত্যিই কোনো রসায়ন জমছে—তা নিয়ে চলছে তুমুল চর্চা। যদিও এই গুঞ্জন নিয়ে অভিষেক বা মাহিরা কেউই এখনও মুখ খোলেননি, তবে ভক্তরা কিন্তু এই নতুন ‘সমীকরণ’ বেশ ভালোই উপভোগ করছেন!


