মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার বিশেষ অভিযানে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফয়সাল আহমেদ (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) ভোর সাড়ে ৩টার দিকে জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার উত্তর সোনাপাহাড় ২ নম্বর ওয়ার্ডের উত্তরা বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ফয়সাল আহমেদ কক্সবাজার সদর উপজেলার দক্ষিণ হাজীপাড়া এলাকার মৃত ফজল কবিরের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তারাবুনিয়াছড়া এলাকার মকবুলের বাড়িতে বসবাস করতেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ফয়সালের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।”
তিনি আরও বলেন, মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


