কক্সবাজারের সেন্টমার্টিনে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে চোরাচালান করে আনা প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের অবৈধ বিদেশি কারেন্ট জাল জব্দ করেছে কোস্ট গার্ড। এ সময় চোরাচালানের সঙ্গে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে।
সোমবার (২২ জুন) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি জানিয়েছেন, গত শনিবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিনের সদস্যরা পশ্চিম সমুদ্র এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দিলে অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে চলে যায়। পরে কোস্ট গার্ডের আভিযানিক দল ধাওয়া করে বোটটিকে আটক করে। এ সময় তল্লাশি চালিয়ে বোট থেকে প্রায় ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক করা হয় ৬ চোরাচালানকারীকে। তারা হলেন মহেশখালী উপজেলার নাজির হোসেন (৪৫), রবিউল আলম (৩৫) ও আব্দুল আজিজ (২৭), নোয়াখালীর হাতিয়া উপজেলার নবির উদ্দিন (৪৯), এবং টেকনাফ উপজেলার ইদরিস (৩৬) ও সামসুল আলম (২৮)।
জব্দ করা কারেন্ট জাল, চোরাচালানে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলছে বলে জানালেন লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।


