কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই ইউনিয়নের আওতাধীন পশ্চিম জেটিঘাট এলাকার ‘মা-মনি ডিপার্টমেন্টাল ষ্টোরে’ মঙ্গলবার(২৩ জুন) দিবাগত রাত আনুমানিক ৩-৪টার সময় দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে ভিতরে প্রবেশ পূর্বক এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। চোর দল দোকান থেকে প্রায় ২ লক্ষ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নেয়। ঘটনার সময় মালিক দোকানে ছিলেন না বলে জানা গেছে।
দোকান মালিক মোঃ নিজাম উদ্দিন জানান, প্রতিদিনের মতো আগের দিন রাতে বেচাবিক্রি শেষ করার পর যথা নিয়েমে দোকান বন্ধ করে তিনি বাসায় চলে যান। সকালে দোকান খুলে দেখেন দোকানের ভেন্টিলেটর ভাঙ্গা এবং সমস্ত মালপত্র এলোমেলো অবস্থায় পড়ে আছে। তিনি ধারনা করেন রাত ৩-৪টার দিকে দোকানে চুরির ঘটনা ঘটেছে। তিনি বলেন, চোর দল দোকান থেকে দামি সিগারেট, বিভিন্ন কসমেটিক সহ প্রায় ২ লক্ষ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
চুরির বিষয়টি নিশ্চিত করেছেন ৪নং কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাপ্তাই ফাঁড়ি ও থানা পুলিশের সদস্যরা। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। প্রসঙ্গত, ইদানিং কাপ্তাই ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাসাবাড়ি, দোকানপাটে চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। মাদক আসক্ত এক শ্রেনীর কিশোর, যুবকরা নেশার টাকা জোগাড় করতেই চুরির ঘটনা ঘটাচ্ছে বলে স্থানীয় একাধিক সূত্র জানায়।


