রাজধানীর ধুপখোলা বাজারে গ্যাসলাইন মেরামতের সময় অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মো. মেহেদী হাসান শাওন (২২) শেখ হাসিনা জাতীয় বার্নে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) তে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ছয়দিন মৃত্যুর সঙ্গে লড়ে আজ সকাল ছয়টার দিকে হেরে যান তিনি।
নিহতের বন্ধু হাসান জানান, শাওন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বোটানি বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। বাজার করার জন্য যাওয়ার সময় এই ঘটনাটি ঘটে বলে জানান তিনি।
গত ১লা মে গেন্ডারিয়ার ধুপখোলা বাজারে ওয়াসার মেরামতের কাজ করার সময় তিতাস গ্যাস লাইনে বিস্ফোরণ হয়। এতে দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করা হয়। পরে তাকে আইসিইউতে রাখা হয়।
তিনি আরো জানান, নিহত শাওন নাটোরের বাগাতিপাড়া গ্রামের আব্দুল লতিফের সন্তান। বর্তমানে গেন্ডারিয়া এলাকার একটি ভাড়াবাসায় থাকতেন। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাঃ এস এম আইয়ুব হোসেন জানান, শনিবার সকাল ছয়টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আইসিইউ) ২০ নম্বর বেডে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তার শরীরে ৩০ শতাংশ দগ্ধ ছিল।


