সরকার পতনের একদফা দাবিতে ঘোষিত তিন দিনের অবরোধ কর্মসূচির সমর্থনে প্রথম দিন মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। মিছিলটি রাজধানীর তোপখানা রোড মেহেরবা প্লাজার সামনে থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় প্রেসক্লাবের সামনে পুলিশের সঙ্গে গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে মিছিলটি শেষ হয়।
সরেজমিনে দেখা গেছে, মিছিলটি রাজধানীর তোপখানা রোড মেহেরবা প্লাজার সামনে থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাংক ঘুরে এবং পল্টন হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এসময় ‘২৮শে অক্টোবর বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্তৃক ২০ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে’ প্রেসক্লাবের সামনে সেগুনবাগিচা কাঁচাবাজার দোকান মালিক সমিতি ও সাধারণ ব্যবসায়ীরা বিক্ষোভ মিছিল করছিলো। এক পর্যায়ে সেখানে গণতন্ত্র মঞ্চের কর্মীদের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়।
সংক্ষিপ্ত সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সফলভাবে সর্বাত্মক অবরোধ পালন করছে জনগণ। কিন্তু শান্তিপূর্ণ আন্দোলনকে সহিংসতায় রূপ দিয়েছে সরকার।
এসময় ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ উপস্থিত ছিলেন।


