হামাসের বিরুদ্ধে গাজায় বিজয় অর্জন না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতিতে রাজি হবে না ইসরাইল। এক ব্রিফিংয়ে তিনি বলেছেন, এখন যুদ্ধবিরতি করার অর্থ হবে হামাসের কাছে আত্মসমর্পণ করা। তার ভাষায়- এখন যুদ্ধবিরতি আহ্বানের অর্থ হলো সন্ত্রাসের কাছে আত্মসমর্পণ করা। তা হতে পারে না। আমরা বিজয় অর্জন ছাড়া যুদ্ধ বন্ধ করবো না। ওদিকে গাজায় একটানা হামলা চালিয়ে যাচ্ছে তার সেনারা। স্থলসেনারা গাজার ভিতরে প্রবেশ করে অভিযান চালাচ্ছে। আকাশপথে যুদ্ধবিমান থেকে বোমা ফেলা হচ্ছে। এতে গাজায় নিহতের সংখ্যা ৮৩০৬ ছাড়িয়ে গেছে।
অন্যদিকে ৭ই অক্টোবর হামাসের রকেট হামলায় ইসরাইলে নিহতের সংখ্যা কমপক্ষে ১৪০০। তারা জিম্মি করেছে কমপক্ষে ২৩০ ইসরাইলিকে।
রেডক্রস সোসাইটি বলেছে, গাজা সিটিতে আল কুদস হাসপাতালে চারপাশে ইসরাইলি পদাতিক বাহিনী ও যুদ্ধবিমান থেকে হামলা করা হচ্ছে। এতে ওই হাসপাতালে অবস্থানরত বাস্তুচ্যুত মানুষ এবং স্বাস্থ্যকর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। হামাসের সঙ্গে যুদ্ধবিরতির আহ্বান নেতানিয়াহু প্রত্যাখ্যান করার পর সেখানে বোমা হামলা জোরালো হয়েছে। মঙ্গলবার ভোরে গাজায় ইন্দোনেশিয়া হাসপাতালের খুব কাছে তৃতীয়বার হামলা হয়েছে। টার্কিস-প্যালেস্টাইনিয়ান ফ্রেন্ডশিপ হাসপাতাল বলেছে ইসরাইলি হামলায় তাদের বড় রকমের ক্ষতি হয়েছে। অনেকে আহত হয়েছেন। এ হামলার কয়েক ঘণ্টা পরেই ইন্দোনেশিয়া হাসপাতালের কাছে হামলা হয়েছে। গাজায় ইউরোপিয়ান হাসপাতাল এলাকায়ও ইসরাইলি বিমান হামলা দৃশ্যমান।
ইউনিসেফের প্রধান সতর্ক করেছেন যে, গাজায় প্রতিদিন কমপক্ষে ৪২০টি শিশুকে হত্যা বা আহত করা হচ্ছে এসব হামলায়। এরপর জাতিসংঘের কর্মকর্তারা যুদ্ধবিরতির জন্য নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছেন। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা ও এনডিটিভি। এতে বলা হয়, ধারণা করা হচ্ছে জিম্মিদেরকে ভূগর্ভস্থ বিস্তৃত টানেলের কোনো স্থানে আটকে রাখা হয়েছে। এসব ভূগর্ভস্থ টানেলে হামাস তার সামরিক অবকাঠামো গড়ে তুলেছে বলেও মনে করা হয়। ওদিকে হামাসের সঙ্গে সম্পর্কিত ব্যক্তি ও কোম্পানির বিরুদ্ধে মঙ্গলবার নিষেধাজ্ঞা দিয়েছে জাপান। এসব ব্যক্তি ও কোম্পানির সম্পদ বাজেয়াপ্ত করা হবে। হামাসের অপারেটিভ মুহাম্মদ আহমেদ আবদ আল দায়িম নাসরাল্লাহ এবং আয়মান নোফেলকে জাপানে সন্ত্রাসী তালিকায় যোগ করা হয়েছে। সোমবার ইসরাইল বলেছে, জিম্মি দশা থেকে একজন সেনা সদস্যকে মুক্তি দিয়েছে হামাস। তার নাম ওরি মেগিডিশ। ৭ই অক্টোবর তাকে জিম্মি করে হামাস সদস্যরা।
ওদিকে হেব্রন ও নাবলুস শহর বাদেও ইসরাইলি সেনারা দখলিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছিল। সেখানে হামলাও করেছে তারা। জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহর, সালফিটের উত্তরে দিয়ের বালুট গ্রাম, নাবলুসের দক্ষিণে জাওয়াতা গ্রাম এবং তুলকারেমের আল শেইকি এলাকায় অভিযান ও গ্রেপ্তার চালাচ্ছে ইসরাইলিরা। কাবাতিয়ায় সশস্ত্র সংঘর্ষের খবর দিয়েছে আল জাজিরা।


