মোঃ নজরুল ইসলাম লাভলু, কাপ্তাই (রাঙামাটি): কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ও বেসরকারি উন্নয়ন সংস্থা হিল ফ্লাওয়ারের যৌথ উদ্যোগে গণমাধ্যমকর্মীদের সাথে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের আয়োজন করা হয়েছে। রাঙামাটির সদর উপজেলার মগবান ইউনিয়নের টং ইকো রিসোর্টে মতবিনিময়, আলোচনা ও ডায়ালগ অনুষ্ঠান সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত হয়।
এতে রাঙামাটি জেলাধীন রাঙামাটি, কাপ্তাই, রাজস্থলী, বিলাইছড়ি ও চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অবহিতিকরণ সভার শুরুতে প্রকল্পের কার্যক্রম তুলে ধরে বক্তব্য রাখেন চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মারমা।
চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল ও খ্রীষ্টিয়ান কুষ্ঠ চিকিৎসা কেন্দ্রের পরিচালক ডা. প্রবীর খিয়াং এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি ছিলেন কাপ্তাই সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন। এসময় স্বাগত বক্তব্য রাখেন হিল ফ্লাওয়ারের ব্যবস্থাপক (অর্থ ও প্রশাসন) সনজিৎ তনচংগ্যা। প্রকল্প সংশ্লিষ্টরা জানায়, কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রামের আওতায় কাপ্তাই, বিলাইছড়ি, রাজস্থলীর উপজেলার দূর্গম পাহাড়ি এলাকা ও রাঙ্গুনীয়ার একটি ইউনিয়নে মাঠ পর্যায়ে স্বাস্থ্য কর্মীর মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য সেবা এবং গর্ভবর্তী ও প্রসূতি মা এবং শিশুর স্বাস্থ্য এবং পুষ্টি বিষয়ে শিক্ষা প্রদান, জেন্ডার, বাল্যবিাহ, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতামূলক, জলবায়ু পরিবর্তন ও সরকারী টিকাদান কার্যক্রমে সহায়তা সহ বিভিন্ন কর্মসুচী বাস্তবায়ন করা হচ্ছে।


