ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ও ভারতে গ্রেফতার আসামিদের ফেরাতে বন্দিবিনিময় চুক্তি অনুসারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে অনুরোধপত্র পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে রাজারবাগ পুলিশ লাইনসের শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শহীদ ওসমান হাদি হত্যার অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চলছে। এরইমধ্যে ভারতে প্রথমে দুজন, পরে একজনকে গ্রেফতার করা হয়েছে। সেখানে আমরা আমাদের দূতাবাসকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ডিপ্লোম্যাটিক চ্যানেলে অনুরোধপত্র পাঠিয়েছি, যেন বাংলাদেশে তাদের প্রত্যাবর্তন করানো হয়।’
সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আনুষ্ঠানিকভাবে গ্রেফতারি পরোয়ানাসহ আমরা আমাদের অনুরোধপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রেরণ করেছি। যেন বন্দিবিনিময় চুক্তি অনুসারে আসামিদের আইনমাফিক বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।’
এ সময় মহান স্বাধীনতার ইতিহাস বলতে গিয়ে সালাউদ্দিন আহমেদ বলেন, ’২৫ মার্চ রাতে রাজারবাগে হামলা না হলে স্বাধীনতার ঘোষণা আরও কিছুদিন বিলম্বিত হতে পারত। ওই হামলার পরপরই চট্টগ্রাম থেকে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। পরবর্তীতে জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের পক্ষে আবারও ঘোষণা দেওয়া হয়।’


