মিরসরাই প্রতিনিধি :মিরসরাইয়ে পথ হারিয়ে লোকালয়ে ঢুকে পড়া প্রায় এক মাস বয়সী একটি হরিণ শাবক উদ্ধার করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মিরসরাই জাতীয় অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকার পরিত্যক্ত পাইপ থেকে হরিণের বাচ্চাটি উদ্ধার করেন বন বিভাগের কর্মীরা।
জানা গেছে, দুপুরের দিকে কয়েকটি কুকুর পথ হারানো হরিণ শাবকটির পিছু নেয়। এসময় বাচ্চা হরিণটি দৌড়াতে দৌড়াতে একটি পরিত্যক্ত পাইপের ভেতরে ঢুকে পড়ে। । পরে স্থানীয়রা বিষয়টি লক্ষ্য করে বন বিভাগের কর্মীদের খবর দেন। খবর পেয়ে বন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে হরিণের বাচ্চাটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরবর্তীতে মায়ের ডাকাডাকির শব্দ শোনার পর হরিণের বাচ্চাটিকে বনে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে মিরসরাই উপকূলীয় বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা শাহেনশাহ নাওশাদ বলেন, শাবকটি উদ্ধারের পর শারীরিক পরীক্ষা করে সেটিকে সুস্থ অবস্থায় বনে ছেড়ে দেওয়া হয়। হরিণটির বয়স আনুমানিক এক মাস এবং এটি সম্পূর্ণ সুস্থ ছিল।


