বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অস্ত্রসহ দুজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় নাইক্ষ্যংছড়ির বাইশারী এলাকায় এ ঘটনা ঘটে।
আটক আতাউল্লাহ কলিম (৩২) উপজেলার উত্তর বাইশারী ৭ নম্বর ওয়ার্ড এলাকার মৃত ইসহাক মাস্টারের ছেলে ও অপরজন মধ্যম বাইশারী এলাকার শফি মিস্ত্রীর ছেলে হারুন (২৬)।
স্থানীয় সূত্রে জানা যায়, মিয়ানমার থেকে গরু পাচার চক্রের কলিম গ্রুপের প্রধান আতাউল্লাহ কলিম ও হারুন। তারা দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। পরে তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আজ এলাকাবাসীরা আটক করে। এসময় তাদের কাছে একটি দেশীয় কাটাব বন্দুক পাওয়া গেলে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন। বলেন, বন্দুকসহ দুই ব্যক্তিকে স্থানীয়রা আটকের পর খবর দিলে ঘটনাস্থলে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। পরে বিস্তারিত জানা যাবে।


