রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে রোগীর স্বজনদের হাতে সহকর্মীদের হেনস্তা ও ‘মব’ কালচারের শিকার হওয়ার প্রতিবাদে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টা থেকে এই কর্মসূচি শুরু হয়। এর ফলে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে এবং দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চরম ভোগান্তিতে পড়েছেন।
ইন্টার্ন ডক্টর সোসাইটি সূত্রে জানা গেছে, গত রোববার ও সোমবার পরপর দুই দিন তিনজন ইন্টার্ন চিকিৎসক লাঞ্ছিত হয়েছেন।
রোববার রাতে ১৩ নম্বর ওয়ার্ডে দুজন পুরুষ ইন্টার্ন চিকিৎসক রোগীর স্বজনদের দ্বারা হেনস্তার শিকার হন। সোমবার সন্ধ্যায় ৩৬ নম্বর ওয়ার্ডে এক নারী ইন্টার্ন চিকিৎসককে একদল লোক ঘিরে ধরে (মব) হেনস্তা করে।এই ঘটনাগুলোর কোনো সুষ্ঠু বিচার না হওয়ায় ক্ষুব্ধ হয়ে চিকিৎসকরা কর্মবিরতির ডাক দেন।
মঙ্গলবার সকাল থেকে কর্মবিরতি পালনের পাশাপাশি ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতাল প্রাঙ্গণে অবস্থান নেন। এছাড়া বুধবার সকাল ৯টায় হাসপাতাল প্রাঙ্গণে এক ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়েছে।
আন্দোলনরত চিকিৎসকরা বলেন, ‘আমরা প্রতিদিন গড়ে ১৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা দিই। কিন্তু কর্মস্থলে আমাদের কোনো নিরাপত্তা নেই। বারবার হেনস্তার শিকার হতে হচ্ছে। ইন্টার্ন চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ ও সুরক্ষা নিশ্চিত করতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি আদায় ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’
সরেজমিনে দেখা গেছে, ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার একটি বড় অংশ সামাল দেন। তারা কর্মবিরতিতে থাকায় ওয়ার্ডগুলোতে চিকিৎসকের সংকট দেখা দিয়েছে। বিশেষ করে জরুরি বিভাগ ও ভর্তি হওয়া রোগীদের নিয়মিত পরীক্ষা-নিরীক্ষায় ধীরগতি লক্ষ্য করা গেছে।
এক রোগীর স্বজন বলেন, ‘হাসপাতালে ডাক্তারদের মধ্যে ইন্টার্নরাই সবচেয়ে বেশি সময় দেন। তারা কাজ বন্ধ রাখায় আমরা কোনো সেবা পাচ্ছি না। দ্রুত এই সমস্যার সমাধান হওয়া দরকার।’


