বাংলা সিনেমার পর্দায় কখনো দাপুটে নায়িকা, কখনো মা, কখনো বড় ভাবী আবার কখনো সংসারের বড় বৌ- এমন নানা চরিত্রে অভিনয় করে দর্শক মনে আজও স্মরণীয় হয়ে রয়েছেন বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রোজী আফসারী। ঢালিউডের সোনালি সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী বেঁচে থাকলে আজ ৮০তম জন্মদিন উদ্যাপন করতেন।
১৯৪৬ সালের ২৩শে এপ্রিল আজকের দিনে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন রোজী আফসারী। তার পুরো নাম শামীমা আক্তার রোজী। তবে দর্শকের কাছে তিনি ‘রোজী’ নামেই পরিচিত হয়ে ওঠেন।
১৯৬২ সালে ‘জোয়ার এলো’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন। কিন্তু ‘আলোর মিছিল’ সিনেমায় অভিনয় করে তিনি তারকা খ্যাতি পেতে শুরু করেন। ক্যারিয়ারে এরপর আর পেছনে তাকাতে হয়নি তাকে। চার দশকের দীর্ঘ পথচলায় প্রায় সাড়ে তিনশ’ সিনেমায় অভিনয় করেছেন।
রোজী আফসারী অভিনীত প্রতিটি সিনেমায় আলাদা আলাদা রূপে ধরা দিয়েছেন অভিনেত্রী। কখনও সিনেমার নায়িকা চরিত্রে আটকে থাকেননি। যে কারণে সিনেমার দর্শক কখনও তাকে মা, কণও বড় বৌ, কখনও সংগ্রামী নারীসহ নানা চরিত্রের অভিনয়ে দেখেছেন। নানা ধারার প্রতিটি চরিত্রই রুপালি পর্দায় নিখুঁত ও সাবলীলভাবে উপস্থাপনে পারদর্শী ছিলেন রোজী।
ক্যারিয়ারে ‘লাঠিয়াল’ সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান রোজী। অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘ওরা ১১ জন’, ‘অশিক্ষিত’, ‘প্রতিকার’, ‘তিতাস একটি নদীর নাম’ ইত্যাদি। কালজয়ী সিনেমায় অভিনয় করা ছাড়াও নির্মাতা হিসেবেও ঢালিউড ইন্ডাস্ট্রিতে দ্যুতি ছড়িয়েছেন। ‘আশা নিরাশা’ সিনেমা পরিচালনা করে ক্যারিয়ারের নতুন আকাশ ছুঁয়েছিলেন তিনি।
ব্যক্তিগত জীবনে নির্মাতা মালেক আফসারীকে ১৯৮৫ সালে বিয়ে করেছিলেন রোজী আফসারী। তাদের সংসারে রয়েছে একমাত্র পুত্র সন্তান জুবায়ের। এছাড়া অভিনেত্রীর প্রথম স্বামী আব্দুস সামাদের ঘরে কবিতা সামাদ নামে তার একটি কন্যা সন্তান রয়েছেন। ২০০৭ সালের ৯ মার্চ কিডনিজনিত রোগে মাত্র ৫৭ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করেন গুণী এ অভিনেত্রী।


