কক্সবাজারের টেকনাফ সদর মেরিন ড্রাইভের রাজার ছড়া ১ নম্বর ওয়ার্ড এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক আরোহী নিহত এবং পথচারীসহ দুইজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক আরোহীর মৃত্যু হয়।
নিহত ব্যক্তি হোসেন আহমদ (৩০) বলে নিশ্চিত করা হয়েছে। তবে মোটরসাইকেলের অপর আরোহীর পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনায় আহত অপর ব্যক্তি হলেন রকিব উল্লাহ (১৩)। তিনি টেকনাফ সদর ইউনিয়নেররাজার ছড়া গ্রামেরআবদুর রহিমের ছেলে। গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দা করিম উল্লাহ জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা দিলে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহতের পরনে সাদা পায়জামা, সবুজ পাঞ্জাবি এবং পায়ে কালো জুতা রয়েছে ।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণ এবং হতাহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের করা হবে।


