রাঙ্গামাটি জেলা ছাত্রদলের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে নতুন কমিটি ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি। প্রায় আট বছর পর ঘোষিত এ কমিটিতে মো. অলি আহাদকে সভাপতি, নাঈমুল ইসলাম রনিকে সাধারণ সম্পাদক এবং গালিব হাসানকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
শনিবার (২ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরউদ্দিন নাছিরের স্বাক্ষরে ২৩ সদস্যবিশিষ্ট আংশিক এই কমিটির অনুমোদন দেয়া হয়। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনাও দেয়া হয়েছে।
নবনিযুক্ত সভাপতি মো. অলি আহাদ রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়া নাঈমুল ইসলাম রনি বর্তমানে রাজস্থলী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক। আর সাংগঠনিক সম্পাদক গালিব হাসান রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
নতুন কমিটির সহ-সভাপতি হিসেবে রয়েছেন খাইরুল ইসলাম রানা, জ্যোতি চাকমা, বাশার আজম, মাহমুদুল হাসান জুয়েল, রাজন রক্ষিত, আব্দুস সালাম, তামিম শাহরিয়ার, আমিনুল ইসলাম, রানা পাল, সুমন হোসাইন, নুর তালুকদার মুন্না এবং মো. ইসহাক। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুস শাকুর জাভেদকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান ইমরান, মো. শফিকুল ইসলাম, মোক্তার আহমেদ, পারভেজ হোসেন সুমন ও সাজিদ ইমতিয়াজ। এছাড়া আবদুল আহাদকে প্রচার সম্পাদক এবং সানি আহমেদ সানিকে দপ্তর সম্পাদক করা হয়েছে।
নবনিযুক্ত সভাপতি অলি আহাদ কেন্দ্রীয় নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমার ত্যাগ ও পরিশ্রমের মূল্যায়ন করায় কেন্দ্রীয় কমিটির প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমার ওপর যে আস্থা রাখা হয়েছে, তা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব।
বিদায়ী সভাপতি ফারুক আহমেদ সাব্বির বলেন, দীর্ঘ আট বছর পর নতুন কমিটি গঠিত হওয়ায় আমি আনন্দিত। এটি ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে। দায়িত্ব পালনকালে যারা আমাকে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালের মে মাসে ফারুক আহমেদ সাব্বিরকে সভাপতি এবং আলী আকবর সুমনকে সাধারণ সম্পাদক করে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়েছিল।


