মিরসরাই প্রতিনিধি: চট্টগ্রামের মিরসরাইয়ে মাদকের টাকার জন্য মা ও পরিবারের সদস্যদের মারধরের অপরাধে ইমাম হোসেন (২৫) নামে এক মাদকাসক্তকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ৯ নং সদর ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটেছে। মাদকসেবী ইমাম হোসেন ওই গ্রামের শফিউল আলম বাড়ির মৃত নুরুল আলমে ছেলে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে মাদকসেবী ইমাম মাদক কেনার জন্য মা কহিনুর বেগম সহ পরিবারের সদস্যদের মারধর করতেন। তাঁর অত্যাচারে পরিবারের সদস্যরা অতিষ্ঠ হয়ে উঠে। খবর পেয়ে সোমবার তাদের বাড়িতে গিয়ে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই সাজা প্রদান করেন।
মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের জানান, এক মাদকসেবী টাকার জন্য তার গর্ভধারিনী মা ও পরিবারের সদস্যদের মারধর করতো। খবর পেয়ে সোমবার সন্ধ্যায় ওই বাড়িতে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংস্লিষ্ট ধারায় ৬ মাস কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় তাকে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।


