অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম ও আইসবার উৎপাদন, অনিবন্ধিত কার্যক্রম এবং অনুমোদনহীন নকল লেবেল ব্যবহার করে বাজারজাতকরণের অভিযোগে চট্টগ্রামের সাতকানিয়ায় দুটি কারখানাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৭ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে উপজেলার পশ্চিম কাঠগড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আলিফ আইসক্রিম ফ্যাক্টরিতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে আইসক্রিম উৎপাদন এবং অনুমোদনহীন নকল লেবেল ব্যবহার করে বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির মালিকপক্ষকে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারায় এক লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
একইদিন নাহিয়ান আইসবার নামের আরেকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে অনিবন্ধিতভাবে আইসবার উৎপাদনের দায়ে মালিকপক্ষকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ও বাংলাদেশ আনসার সদস্যরা সার্বিক সহায়তা করেন।


