খাগড়াছড়ির রামগড়ে চেক জালিয়াতি (ডিজঅনার) মামলায় এক সাবেক ইউপি সদস্যকে আটক করেছে রামগড় থানা পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) বিকেলে উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের মধ্যে বলিপাড়া নিজ বাড়ি থেকে মো. খায়েজ আহাম্মদ খাজুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার খায়েজ আহাম্মদ রামগড় ইউনিয়নের মধ্য বলিপাড়া গ্রামের মো. ননা মিয়ার ছেলে। সে রামগড় ইউনিয়নের সাবেক ইউপি সদস্য ছিলেন।
এর আগে মামলায় রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন। খায়েজ আহাম্মদের বিরুদ্ধে খাগড়াছড়ি যুগ্ম দায়রা জজ আদালতে চেক ডিজঅনার মামলার রায়ে ৯ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন আদালত।
জানা যায়, খায়েজ আহাম্মদ ওই মামলার বাদীকে দেওয়া ১৪ লাখ ৬১ হাজার ৫১৬ টাকা সমপরিমাণ চেকটি ডিজঅনার হলে বাদী আদালতে মামলা করেন। পরে বিচারক তা আমলে নিয়ে বিচারিক কার্যক্রম শুরু করেন।
রামগড় থানার ওসি মোহাম্মদ নাজির আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী তাকে কারাগারে প্রেরণ করা হবে।


