পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ট্রেনের আগাম টিকেট বুধবার (১৩ মে) থেকে বিক্রি করবে রেলওয়ে। প্রতিবারের মত এবারও পুরো কার্যক্রম চলবে অনলাইনে।
মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ রেলওয়ে থেকে পাঠানো এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, টিকিট শুধু বাংলাদেশ রেলওয়ের অনলাইন ওয়েবসাইট ও ‘রেল সেবা’ অ্যাপের মাধ্যমে বিক্রি করা হবে। যাত্রীদের অন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা ফেসবুক পেজ থেকে টিকিট কেনা-বেচা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হলো।
একই সঙ্গে রেলওয়ের নির্ধারিত ওয়েবসাইট ও অ্যাপ ছাড়া অন্য কোথাও আর্থিক লেনদেন না করার আহ্বান জানানো হয়েছে।
এদিকে, আজ বিক্রি হবে ২৩ মের টিকেট। এরপর পর্যায়ক্রমে ১৪, ১৫, ১৬ ও ১৭ মে বিক্রি হবে ২৪, ২৫, ২৬ ও ২৭ মের টিকেট। ঈদের চাঁদ দেখার উপর নির্ভর করে ২৮, ২৯ ও ৩০ মের টিকেট বিক্রি হবে বলে মঙ্গলবার রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে।
এবারের ঈদে পাঁচ জোড়া বিশেষ ট্রেন ও তিনটি ক্যাটেল স্পেশাল ট্রেন চলবে। ঈদযাত্রার ফিরতি বিক্রি শুরু হবে ২১ মে থেকে। সেদিন বিক্রি হবে ৩১ মের টিকেট। এরপর পর্যায়ক্রমে ২২, ২৩, ২৪ ও ২৫ মে বিক্রি হবে ১, ২, ৩ ও ৪ জুনের টিকেট।


