চট্টগ্রামের ডবলমুরিং থানার পাঠানটুলী এলাকায় নিখোঁজের দুই দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ওই এলাকার একটি বহুতল ভবনের লিফটের গর্ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত যুবকের নাম মাহমুদ খান মাশফিক (৩৫)। তিনি ওই ভবনেরই বাসিন্দা এবং ভবনটি তাদের পারিবারিক মালিকানাধীন বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক ধারণায় পুলিশের অনুমান, ১০ তলা ভবনটির ওপর থেকে লিফটের গর্তে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২১ মে) রাত থেকে মাশফিক নিখোঁজ ছিলেন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
শনিবার (২৩ মে) দুপুরে ভবনের লিফটের গর্তে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, লিফটের দরজা আগে থেকেই আংশিক ভাঙা ছিল। ধারণা করা হচ্ছে, অসাবধানতাবশত তিনি সেখান দিয়ে নিচে পড়ে যান। এদিকে লিফটে যান্ত্রিক ত্রুটি থাকায় এবং মেকানিক না পাওয়ায় গত দুই দিন ধরে কেউ লিফটের কাছাকাছি যাননি। ফলে ঘটনাটি তাৎক্ষণিকভাবে কারও নজরে আসেনি।
ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দীন বলেন, শনিবার (২৩ মে) দুপুর ১২টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। লিফটের দরজা বন্ধ থাকায় ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় সেটি কেটে রক্তাক্ত অবস্থায় যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
পুলিশ জানায়, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এটি দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।


