চট্টগ্রামের আনোয়ারা উপকূলীয় রায়পুর ইউনিয়নের বেড়িবাঁধ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে চতুর্থবারের মতো নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব সরওয়ার জামাল নিজাম।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে বেড়িবাঁধ পরিদর্শনে যান। বেড়িবাঁধ পরিদর্শনে স্থানীয় জনগণ এমপি নিজামকে স্বাগত জানান। পরিদর্শনকালে স্থানীয় সাধারণ মানুষ বেড়িবাঁধ নির্মাণকাজের বিভিন্ন বিষয় নিয়ে তাদের অভিযোগ ও উদ্বেগ এমপির কাছে তুলে ধরেন।
এলাকাবাসী বেড়িবাঁধের কাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার এবং কাজের গুণগত মান নিয়েও প্রশ্ন তুলে। প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন এবং মান নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য এমপির হস্তক্ষেপ কামনা করেন।
এসময় এমপি সরওয়ার জামাল নিজাম জনগণের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং বিষয়গুলো গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে বলে স্থানীয়দেরকে আশ্বাস দেন।
তিনি বলেন, জনগণের স্বার্থ সংশ্লিষ্ট কোনো উন্নয়ন প্রকল্পে অনিয়ম বা অবহেলার সুযোগ নেই। কাজের মান নিশ্চিত করেই প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
এছাড়া এমপি নিজাম আরো বলেন ১৯৯১ সালে ঘূর্ণিঝড়ে পশ্চিম আনোয়ারা উপকূলীয় অঞ্চলে ব্যাপক জানমালের ক্ষতি হয়।এই সব বিষয় বিবেচনায় রেখে টেকসই বেড়িবাধ নির্মাণের উপর বিএনপি সরকার গুরুত্ব দিচ্ছে।
উপকূলীয় জনগণের নিরাপত্তা ও এলাকার টেকসই বেড়িবাঁধ উন্নয়নের স্বার্থে কাজ যেন নির্ধারিত মান বজায় রেখে সম্পন্ন হয়, সেই প্রত্যাশায় জনগণ। বেড়িবাঁধ পরিদর্শনকালে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


