ঐতিহাসিক বীরুলিয়া জমিদারবাড়ি উত্তরায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো ‘হোয়াইট পেপার আর্ট ক্যাম্প-২০২৬’। দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রায় ৭০ জন চিত্রশিল্পীর অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত শিল্পোৎসবে পরিণত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও চিত্রশিল্পী বীরেন সোম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ চঞ্চল, ইউডা চারুকলার চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দিন আহম্মেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের অধ্যাপক এএএম কাওসার হাসান টগর, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও চিত্রশিল্পী অধ্যাপক এসএম ওয়াহিদুজ্জামান এবং গীতাঙ্ক দেবদীপ দত্ত।
আয়োজনে ঢাকা, নড়াইল, সিলেট, চট্টগ্রাম, যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিল্পীরা অংশ নেন। প্রকৃতি, ইতিহাস, গ্রামীণ জীবন, সংস্কৃতি ও সমসাময়িক বিষয়কে উপজীব্য করে শিল্পীরা সরাসরি ক্যানভাসে শিল্পকর্ম নির্মাণ করেন।
আয়োজকদের মতে, শিল্পচর্চার প্রসার, শিল্পীদের মধ্যে পারস্পরিক মতবিনিময় এবং ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর সঙ্গে শিল্পের সংযোগ আরও সুদৃঢ় করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। ঐতিহাসিক পরিবেশে এমন শিল্পচর্চা নতুন প্রজন্মকে শিল্প ও সংস্কৃতির প্রতি আরও আগ্রহী করে তুলবে।
হোয়াইট পেপারের প্রতিষ্ঠাতা ও সিইও শিল্পী সোনিয়া বিনতে হাসান বলেন, ‘শিল্প কেবল রঙের প্রকাশ নয়, এটি মানুষের মুক্ত সত্তার বহিঃপ্রকাশ। হোয়াইট পেপার সেই মুক্ত সৃজনশীলতার একটি প্ল্যাটফর্ম, যেখানে নবীন ও প্রবীণ শিল্পীরা একসঙ্গে শিল্পচর্চার মাধ্যমে এগিয়ে যাচ্ছেন।’


