ইথিওপিয়ার উত্তরাঞ্চলে অতিরিক্ত যাত্রীবোঝাই বাস দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
সোমবার (১৫ জুন) ভোরে রাজধানী আদ্দিস আবাবার উদ্দেশে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ১০০ মিটার গভীর একটি খাদে গিয়ে পড়ে। বাসটি উত্তরাঞ্চলের ডেসি শহর থেকে যাত্রা শুরু করেছিল। এই অঞ্চলের সড়কগুলো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সড়কগুলোর মধ্যে অন্যতম হিসেবে পরিচিত।
দুর্ঘটনাটি ঘটেছে হারেগো নামে পরিচিত একটি আঁকাবাঁকা পাহাড়ি সড়কে, যার চারপাশ ঘন বনাঞ্চলে ঘেরা। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; গাড়িটি প্রায় ভেঙে টুকরো টুকরো হয়ে পাহাড়ের ঢালে পড়ে আছে।
বার্তা সংস্থা এপি জানিয়েছে, কয়েকজন আহত ব্যক্তি সময়মতো চিকিৎসা না পাওয়ায় মারা গেছেন। দুর্বল অবকাঠামো এবং অ্যাম্বুলেন্স সেবার অভাবের কারণে অনেক আহত ব্যক্তিকে নিজেদের ব্যবস্থায় চিকিৎসাকেন্দ্রে যেতে হয়েছে, ফলে তাদের আঘাত আরও গুরুতর হয়ে ওঠে।
ইথিওপিয়া সড়ক দুর্ঘটনার দিক থেকে বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি। দেশটির সড়কগুলো দীর্ঘদিন ধরেই বিপজ্জনক হিসেবে পরিচিত এবং সরকারি পরিসংখ্যান বলছে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে।
২০০৭ থেকে ২০১৮ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা দ্বিগুণেরও বেশি বেড়েছে। জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্যাপ্ত ট্রাফিক সাইন ও রাস্তার চিহ্নের অভাব সড়ক নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি সৃষ্টি করছে।


