কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার দালালদের অপসারণ, আওয়ামী দোসর বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কর্তৃক (জাতীয়তাবাদী শ্রমিক দলের অন্তর্ভুক্ত সংগঠন) চট্টগ্রাম মহানগর জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের (বি-১৮৮৬) সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হাফিজুর রহমান সহ চার নেতাকে বদলি, এবং তাদের উপর হামলা ও মামলার প্রতিবাদে কাপ্তাইয়ে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার(১৮ জুন) সকালে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপকের কার্যালয়ের সামনে জাতীয় বিদ্যুৎ শ্রমিক-কর্মচারী ইউনিয়ন কাপ্তাই শাখার আয়োজনে এবং সংগঠনের সভাপতি মোঃ বেলাল হোসেনের নেতৃত্বে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শ্রমিক কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মোঃ কবিরুল ইসলাম কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সভাপতি মোঃ বেলাল হোসেন, সিনিয়র সহ-সভাপতি মোঃ মোর্শেদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ বেলায়েত হোসেন, যুগ্ন সম্পাদক কাজী আবদুল হান্নান, সাংগঠনিক সম্পাদক মোঃ মোর্শেদ আলম সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে উপস্থিত বক্তারা বলেন, অবিলম্বে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের দালালদের অপসারণ, আওয়ামী দোসর বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদ কর্তৃক হামলা, মামলা এবং চট্টগ্রাম বিদ্যুৎ শ্রমিক নেতাদের বদলী আদেশ প্রত্যাহারের দাবী জানান।


