একের পর এক আক্রমণ। ম্যাচজুরে বেশিরভাগ সময় বল ঘোরাফেরা করল প্যারাগুয়ের গোলপোস্টের পাশেপাশে। কিন্তু ফরোয়ার্ডদের একের পর এক গোল মিসের মহড়ায় আর সমতা ফেরাতে পারল না তুরস্ক। ম্যাচের ৬৪ সেকেন্ডে মাতিয়াস গোলারজার ডি-বক্সের বাইরে থেকে করা গোলটিই গড়ে দিল ম্যাচের ব্যবধান। ১০ জনের প্যারাগুয়ের কাছে হেরে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল তারকাসমৃদ্ধ তুরস্কের।
শনিবার (২০ জুন) সান ফ্রান্সিসকোর বে অ্যারেনায় তুরস্ককে ১-০ গোলে হারিয়েছে প্যারাগুয়ে।
ম্যাচের ৬৪ সেকেন্ডে গোলারজা ডি-বক্সের বাইরে থেকে এবারের বিশ্বকাপের দ্রুততম গোলটি করেন। এই গোলটিই ম্যাচের ভাগ্য গড়ে দিয়েছে। প্রথমার্ধের শেষের দিকে মিগুয়েল আলমিরনের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়ার পর তুর্কিদের একের পর এক আক্রমণ দাঁতে দাঁত চেপে সামলিয়ে জয় ছিনিয়ে নিয়েছে দক্ষিণ আমেরিকান দলটি।
এই জয়ে প্যারাগুয়ের নকআউট পর্বে খেলার আশা বেঁচে রইল। ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে তারা। আর টানা দুই ম্যাচে হেরে বিদায় প্রায় নিশ্চিত হয়ে গেল তুরস্কের।
প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে বড় হারের পর এই ম্যাচে জয়ের জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিয়েছিল তুরস্ক। প্যারাগুয়ের বিপক্ষে আর্দা গুলের-কেনান ইয়েলদিজরা নিয়েছেন ৩২টি শট, প্রতিপক্ষের বক্সে ৫১ বার বল ছুঁয়েছে, পেয়েছে ১২টি কর্নার এবং বলের দখলও ছিল প্রায় ৮০ শতাংশ সময়।
অন্যদিকে ১০ জনের দলে পরিণত হওয়া প্যারাগুয়ে খেলেছে তাদের গত ম্যাচে অস্ট্রেলিয়ার খেলাটাই। নিজেদের রক্ষণভাগকে দুর্গে পরিণত করেছিল। প্রতিটি ক্রস, শট ও পাস ঠেকাতে তারা জীবনপণ লড়াই করেছে। এই বিশ্বকাপের দ্রুততম গোল করার পর অধিকাংশ সময় ১০ জন নিয়ে প্যারাগুয়ে দেখাল অবিশ্বাস্য সাহসিকতা ও লড়াকু মানসিকতা।
ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই তুরস্কের বেশ কয়েকজন খেলোয়াড় হাঁটু গেড়ে বসে পড়লেন। কারও চোখে জল, কেউ আবার হতাশায় দুই হাতে মুখ ঢেকে রেখেছেন। অন্যদিকে, প্যারাগুয়ের খেলোয়াড়রা ততক্ষণে উল্লাসে ফেটে পড়েছে। তারা মাঠজুড়ে দৌড়ে বেড়িয়ে সতীর্থ ও কোচিং স্টাফদের জড়িয়ে ধরতে শুরু করে।
এই ম্যাচটি জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। মাঠে মুখ ঢেকে কথা বলতে গিয়ে লাল কার্ড দেখেছেন প্যারাগুয়ের মিগুয়েল আলমিরন। ফিফার নতুন এই আইনে প্রথম খেলোয়াড় হিসেবে লাল কার্ড দেখলেন প্যারাগুয়ের এই মিডফিল্ডার।
চ্যাম্পিয়ন্স লিগের সবশেষ আসরে ভিনিসিউস জুনিয়রকে মুখ ঢেকে কিছু একটা বলে বিতর্কের জন্ম দিয়েছিলেন বেনফিকার আর্জেন্টাইন উইঙ্গার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি। লাল কার্ড দেখার পাশাপাশি নিষিদ্ধও হয়েছিলেন এই আর্জেন্টাইন। এরপরই লাল কার্ডের নতুন এই আইন করে ফিফা


