বিপিও খাতে ৫ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্য
চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে ‘বিপিও সামিট বাংলাদেশ ২০২৬ (চট্টগ্রাম)’।
শনিবার (২০ জুন) সকালে নগরের খুলশী কনভেনশন হলে আয়োজিত এ সামিটে সরকারি-বেসরকারি খাতের প্রতিনিধি, তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা, ফ্রিল্যান্সার, শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা অংশ নেন।
‘Where Talent Meets Global Opportunity’ প্রতিপাদ্যে আয়োজিত সামিটের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি। এ সময় তিনি চট্টগ্রাম অঞ্চলের ফ্রিল্যান্সারদের জন্য ‘ফ্রিল্যান্সার কার্ড’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, দেশের তরুণ জনগোষ্ঠীই সবচেয়ে বড় শক্তি এবং দক্ষতা ও সুযোগের মাধ্যমে ভবিষ্যতে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং (বাক্কো), বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি), এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথভাবে এ সামিটের আয়োজন করে। দিনব্যাপী আয়োজনে ছিল ক্যারিয়ার এক্সপো, সেমিনার, তথ্যপ্রযুক্তি অলিম্পিয়াড, নেটওয়ার্কিং কার্যক্রম এবং তরুণদের জন্য বিভিন্ন জ্ঞানভিত্তিক ও দক্ষতা উন্নয়নমূলক আয়োজন।
ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী দেশের সবচেয়ে বড় শক্তি এবং সঠিক দক্ষতা ও সুযোগের মাধ্যমে এই তরুণরাই ভবিষ্যতে বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে দেশের প্রতিনিধিত্ব করবে। তিনি চট্টগ্রামের সম্ভাবনাকে কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) আবদুল্লাহ আল মামুন, বাক্কো কার্যনির্বাহী কমিটির সভাপতি তানভীর ইব্রাহীম এবং সাধারণ সম্পাদক ফয়সল আলিম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাক্কো কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি মোঃ তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসনাদ-ই-আহমদ, পরিচালক আবু দাউদ খান, পরিচালক আব্দুল কাদের এবং পরিচালক সায়মা শওকত।
আবদুল্লাহ আল মামুন তাঁর বক্তব্যে দেশের ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টির গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সরকার, শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের মাধ্যমে তরুণদের বৈশ্বিক ডিজিটাল অর্থনীতির জন্য প্রস্তুত করা সম্ভব এবং এ ধরনের আয়োজন সেই লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সামিটে বাক্কোর সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, দেশের বিপিও ও আইটিইএস শিল্প বর্তমানে বছরে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করছে এবং ১ লাখের বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে। ২০৩০ সালের মধ্যে এ খাত থেকে ৫ বিলিয়ন ডলার আয় এবং ৩ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কাজ করছে বাক্কো।
ফয়সল আলিম তাঁর বক্তব্যে বলেন, দক্ষ মানবসম্পদ উন্নয়নই বিপিও ও আইটিইএস শিল্পের টেকসই প্রবৃদ্ধির মূল ভিত্তি। তিনি তরুণদের প্রযুক্তিগত দক্ষতা, যোগাযোগ সক্ষমতা এবং পেশাগত প্রস্তুতি বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং শিল্পখাত ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
সামিটের সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সায়মা শওকত, পরিচালক, বাক্কো; রাশেদ মুজিব নোমান, কান্ট্রি ডিরেক্টর, অগমেডিক্স বাংলাদেশ; এমরাজিনা ইসলাম, প্রতিষ্ঠাতা, কাজ ৩৬০; মোঃ মুসনাদ-ই-আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক, বাক্কো; রাহিতুল ইসলাম, লেখক ও সাংবাদিক, প্রথম আলো; শুভাশীষ ভৌমিক, ম্যানেজিং ডিরেক্টর, এটেক অস্ট্রেলিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড; মোঃ তাজদিন হাসান, চিফ বিজনেস অফিসার, দ্যা ডেইলি স্টার; এবং সাবের শাহ, প্রতিষ্ঠাতা, এডব্লিউ কমিউনিকেশন। আলোচনায় তরুণদের দক্ষতা উন্নয়ন, ভবিষ্যৎ কর্মসংস্থান, উদ্ভাবন, উদ্যোক্তা সৃষ্টি, ফ্রিল্যান্সিং এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারী শিক্ষার্থী ও তরুণ পেশাজীবীরা শিল্পখাতের অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে বাস্তব অভিজ্ঞতা ও দিকনির্দেশনা লাভের সুযোগ পান।


