আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এরা কিছুতেই যাবে না, অবৈধ ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য শেষ পর্যন্ত লড়াই করে যাবে। গতকাল সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। ৬৯-এর গণঅভ্যুত্থানের মহানায়ক শহীদ আসাদের ৫৪তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ। মির্জা ফখরুল বলেন, এই সরকার দেশের সব স্বপ্নকে ভেঙে দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছে। দমন-পীড়ন করছে এবং আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছে। আজকে আমরা আমাদের অধিকারকে ফিরিয়ে আনার জন্য লড়াই করছি, সংগ্রাম করছি। আজকে সব দল ঐক্যবদ্ধ হয়েছি, আরও ঐক্যবদ্ধ হবো। জনগণ আমাদেরকে পথ দেখাবে, কোন পথে গেলে এই দানবকে পরাজিত করতে পারবো। এটাই হচ্ছে আমাদের মূল কথা। শুধু বিএনপি নয়, আজকে সব রাজনৈতিক দল, যারা আমরা একমত হয়েছি শুধু ক্ষমতার জন্য নয় রাষ্ট্রের কাঠামো পরিবর্তন করতে চাই।
বিএনপি মহাসচিব বলেন, আমরা বারবার করে বলেছি আজকে এই সরকার আমাদের দুটি বিষয়কে অত্যন্ত ক্ষতিগ্রস্ত করেছে- একটি হচ্ছে রাজনৈতিক বিষয়, যে গণতান্ত্রিক রাষ্ট্র আমরা গঠন করতে চেয়েছিলাম উদার গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা হিসেবে। আরেকটি হচ্ছে সাম্যের উপর ভিত্তি করে একটি অর্থনৈতিক ব্যবস্থা চালু করা, সে জায়গাতে আমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছি।
আজকে গরিবরা আরও গরিব হচ্ছে ধনীরা আরও বড়লোক হচ্ছে। আজকে আমরা দেখছি যে মানুষটি ছেঁড়া জুতা পরে ঘুরতো সে আজকে দামি দামি গাড়িতে চড়ছে। যার মাথা গোজা ঠাঁই ছিল না, আজ তারা বিল্ডিং করেছে। ফখরুল বলেন, জনগণের স্বার্থ রক্ষা করার জন্য বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি কল্যাণমূলক, একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠন করার জন্য, মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির জন্য আজকে আরও বৃহত্তর জাতীয় ঐক্য সৃষ্টি করে এদেরকে পরাজিত করতে হবে। আজকে আমরা জাতির স্বার্থে সংগ্রামে নেমেছি। যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে সংগ্রামে নেমেছি, অবশ্যই এ দেশকে ফ্যাসিবাদের হাত থেকে, ভয়াবহ দানবের হাত থেকে মুক্ত করে সত্যিকার অর্থে কল্যাণমূলক সমৃদ্ধির বাংলাদেশ নির্মাণ করতে সক্ষম হবো। শহীদ আসাদের স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, শহীদ আসাদের যে ত্যাগ, শহীদ আসাদের যে আত্মোৎসর্গ সেটা এই সময়ের সঙ্গে অনেকটা মিল রয়েছে। আসাদ আমাদের কাছে প্রেরণা। আজকে সেই একইভাবে একটি ফ্যাসিবাদ আমাদের বুকের উপর চেপে বসেছে। শহীদ আসাদ পরিষদের সভাপতি অধ্যাপক ড. মাহবুব উল্যাহর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বিএনপি’র মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দীন স্বপন, শহীদ আসাদের ছোট ভাই ড. নুরুজ্জামান হক প্রমুখ।


