লা লিগায় গুরুত্বপূর্ণ জয় দিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়ালো বার্সেলোনা। দলের নৈপুণ্য আহামরি খুশি না হলেও রিয়ালের সঙ্গে পয়েন্টের ব্যবধান বাড়ায় খুশি বার্সা কোচ জাভি হারনান্দেজ। রোববার কাদিজকে ২-০ গোলে হারায় জাভির শিষ্যরা। বার্সেলোনার ন্যু ক্যাম্প স্টেডিয়ামে দুটি গোলই হয় প্রথমার্ধের শেষ সময়ে। ৪৩তম মিনিটে সার্জি রবার্তো দলকে এগিয়ে নেওয়ার পর যোগ করা সময়ে গোল করেন রবার্ট লেভানদোভস্কি।
প্রথমার্ধে একের পর এক আক্রমণ শানিয়ে প্রতিপক্ষকে দিশাহারা করে তুললেও দ্বিতীয়ার্ধে কাতালানরা দ্বিতীয়ার্ধে ছিল নিস্প্রভ। শিষ্যরা শুরুর ছন্দ পরে হারিয়ে ফেলায় ক্লান্তির ভূমিকা দেখছেন কোচ জাভি। তবে শেষ পর্যন্ত ম্যাচ জিতে রিয়াল মাদ্রিদের সঙ্গে আগের ব্যবধান ধরে রাখতে পারায় খুশি বার্সেলোনা কোচ। দ্বিতীয়ার্ধে বেশ কিছু আক্রমণ করে কাদিজ। তবে গোল আদায় করতে পারেনি তারা।
লা লিগায় টানা সপ্তম জয়ে ২২ ম্যাচে বার্সেলোনার পয়েন্ট ৫৯। শিরোপা ধরে রাখার লড়াইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সংগ্রহ সমান ম্যাচে ৫১ পয়েন্ট।
ম্যাচ শেষে মুভিস্টার প্লাসের সঙ্গে কথোপকথনে বার্সেলোনার কোচ জাভি বলেন, ‘প্রথমার্ধ খুব ভালো ছিল।
আমরা দাপট দেখিয়েছি, ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। দ্বিতীয়ার্ধে আমরা অনেক মন্থর হয়ে পড়ি এবং তা দৃশ্যমান ছিল। তাড়না অনেক বেশিই কমে যায় আমাদের। আমরা ক্লান্ত ছিলাম।’
তবে প্রথমার্ধে দুর্দান্ত খেলার জন্য দলকে কৃতিত্ব দিতেও ভুলছেন না বার্সেলোনা কোচ। তিনি বলেন, ‘বিরতির আগেই দুটি গোল করতে পারাটা ছিল স্বস্তিদায়ক এবং কার্যত দ্বিতীয়ার্ধের আগেই খেলা শেষ করে দেই আমরা। প্রথমার্ধ নিয়ে আমি সন্তুষ্ট। দ্বিতীয়ার্ধে ক্লান্তির কারণেই হয়তো অমনটা হয়েছে। তবে আমি খুশি যে পয়েন্ট তালিকার শীর্ষে ৮ পয়েন্টের ব্যবধান ধরে রাখতে পেরেছি।’


