চট্টগ্রাম মহানগর বিএনপির সি. যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ বলেছেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে গিয়ে আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই। তারা এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করতে গিয়েই তাদের আজ এ অবস্থা। বিচার বিভাগ থেকে শুরু করে প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সমস্ত রাষ্ট্রযন্ত্র তারা দলীয়ভাবে নিয়ন্ত্রণ করছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কল্পনাও করা যায় না লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে রাজনৈতিক মামলা হয়। কিন্তু এই ফ্যাসিবাদী সরকার সেই কল্পনাকেও হার মানিয়েছে। কথা বললেও মামলা, কোথাও মিটিং করলেও মামলা করা হয়।
তিনি শনিবার (৮ এপ্রিল) বিকালে বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন জিয়া উদ্যানের মাঠে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি’র ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে চাঁদগাও থানা বিএনপির কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মোহরা ওয়ার্ড বিএনপির সভাপতি জানে আলম জিকুর সভাপতিত্বে ও গোলজার হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মাহবুবুল আলম, নাজিম উদ্দীন আহম্মেদ, আনোয়ার হোসেন লিপু। বক্তব্য রাখেন নগর বিএনপি নেতা আবদুল আজিজ, থানা বিএনপির সি. যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ভুইয়া, নুরুল আলম লিটন, মো. ইব্ররাহিম, আরিফুল ইসলাম, জমির উদ্দীন মানিক, মো. মামুন, মো. বাদশা, মনছুর আলম, দিদারুল আলম প্রমূখ।


