রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৭ জানুয়ারি) সকাল আটটা চার মিনিটে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট দেন তিনি।এ সময় হাসিনা-কন্যা সায়মা ওয়াজেদ, ভগিনি শেখ রেহানা ও রেহানা-পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ববি উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাতটা ৫৭ মিনিটে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে পৌঁছান তিনি।
ঢাকা সিটি কলেজ কেন্দ্রে প্রথম ভোটার হিসেবে ভোট দেন শেখ হাসিনা। ঢাকা সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে পড়েছে। এতে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন ঢালিউড অভিনেতা ফেরদৌস আহমেদ।
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে মানুষকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টার পর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর সাংবাদিকদের সামনে এ আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, আপনারা ভোটকেন্দ্রে আসবেন। আপনার ভোট অনেক মূল্যবান। আপনাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য অনেক জেল-জুলুম সহ্য করেছি। সুষ্ঠু-নির্বাচনে জনগণের সহযোগিতা চাই।
তিনি বলেন, বিএনপি একটা সন্ত্রাসী দল। তারা নির্বাচন বিশ্বাস করে না। মানুষের ভোট কেড়ে নেওয়া তাদের চরিত্র। জন্মলগ্ন থেকে ভোট কারচুরি করা বিএনপির চরিত্র। সেটা করতে পারবে না বলে তারা ভোটে আসেনি।
গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে মানুষকে কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।


