কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভের পাশে খোলা জায়গায় একটি অবিস্ফোরিত ‘গ্রেনেড’ পাওয়া গেছে।
বুধবার (১৬ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের খোনকারপাড়া এলাকায় পরিত্যক্ত অবস্থায় ওই গ্রেনেডটি পুলিশ সদস্যরা ঘিরে রেখেছেন।
এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন।
তিনি বলেন, দুপুরের দিকে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভসংলগ্ন খোনকারপাড়ায় নির্মাণাধীন ভবন ওয়েভস পয়েন্ট লিমিটেডের পাশে খোলা জায়গায় পরিত্যক্ত একটি অবিস্ফোরিত অবস্থায় হ্যান্ড গ্রেনেড (বোমা সদৃশ্য) বস্তু খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রেখেছেন।’
তিনি আরও বলেন, ‘এই বিষয়টি বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটকে অবহিত করা হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ সেনাবাহিনী প্রতিনিধি দল গ্রেনেডটি নিষ্ক্রিয় করার কাজ করবে।’
ঘটনাস্থলে থাকা উপপরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশের চার সদস্য ওই এলাকাটি ঘিরে রেখেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিটকে বুঝিয়ে দেয়া হবে। এরপর তারা ব্যবস্থা গ্রহণ করবেন।’


