শফিউল আলম, রাউজান ঃ চট্টগ্রামের রাউজানে রাতের আঁধারে যুবদল কর্মীকে পেটানোর অভিযোগ উঠেছে।
সোমবার (২৯ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের লস্কর উজির দিঘির পাড়ে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দুর্বৃত্তরা তাঁকে রামদার উল্টো অংশ দিয়ে পেটানোর পর ফাঁকা গুলি ছুড়ে পালিয়ে যায়। আহত যুবদল কর্মীর নাম মুহাম্মদ পারভেজ (৩৫)। তিনি একই ইউনিয়নের শাহাদুল্লাহ কাজীপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আবদুর রশিদের ছেলে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, গত ২৯ ডিসেম্বর সোমবার দিবাগত রাতে দিঘির পাড়ে তাঁরা গুলির শব্দ শুনতে পান। পরে দেখেন, একদল দুর্বৃত্ত ফাঁকা গুলি করে পালাচ্ছে। এ সময় দিঘির পাড়ে পারভেজের মোটরসাইকেল পাওয়া যায়। এর কিছু দূরেই পারভেজকে আহত অবস্থায় দেখতে পান তাঁরা। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়। জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, তাঁর শরীরের বিভিন্ন অংশে ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।স্থানীয় বাসিন্দা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবদুস সবুর বলেন, আহত পারভেজ যুবদল কর্মী। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী। তাঁকে রামদা দিয়ে আঘাত করা হয়েছে। জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, ‘পূর্ববিরোধ থেকে এ ঘটনা ঘটতে পারে। তবে গোলাগুলির প্রমাণ পাওয়া যায়নি। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


