জামিন পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মাহদী হাসান।
রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল মান্নান ২০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে তাকে আদালতে হাজির করা হয়।
পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহাদীকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় আজ সকাল ৮টা পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শতাধিক নেতাকর্মী হবিগঞ্জ সদর মডেল থানার সামনে অবস্থান নেন। তারা রাতেই আদালত বসিয়ে মাহদী হাসানের জামিন শুনানির দাবি জানান। তবে রাতে আদালত না বসায় আজ সকালে তাকে আদালতে নেওয়া হয়।
জামিনের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকশ নেতাকর্মী আদালত চত্বর থেকে হবিগঞ্জ শহরের প্রধান সড়ক পর্যন্ত মিছিল করেন।
পরে মাহদী হাসান গাড়িতে করে বাসার উদ্দেশে রওনা দেন।
এর আগে পুলিশ ১৪৩ ধারায় মামলা দিয়ে মাহদী হাসানকে আদালতে সোপর্দ করেছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাত ১২টার দিকে শায়েস্তাগঞ্জ সদর ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি এনামুল হাসানকে শায়েস্তাগঞ্জ থানা-পুলিশ আটক করে। তিনি শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর গ্রামের আনোয়ার আলীর ছেলে।


