পটিয়া প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সবাইকে ঐক্যবদ্ধ থেকে বিএনপির পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন শহিদ জিয়া স্মৃতি সংসদ পটিয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবু ছালেহ মোহাম্মদ সাইফুদ্দীন।
সোমবার (১২ জানুয়ারি) রাতে নিজ গ্রামস্থ বাসভবনে কুসুমপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
আবু ছালেহ বলেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বিগত নির্বাচনগুলোতে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার জনগণ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের প্রতিনিধি নির্বাচনের অপেক্ষায় রয়েছে। এই সুযোগকে কাজে লাগিয়ে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি জামায়াতের সমালোচনা করে বলেন, জামায়াত বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তারা বলছে ভোট দিলেই বেহেশতে যাওয়া যাবে। কিন্তু বেহেশতে যেতে হলে আমল করতে হয়—আমল ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব নয়।
মতবিনিময় সভায় দক্ষিণ জেলা এলডিপির সিনিয়র সদস্য শামশুল আলম বিএনপিতে যোগদান করলে প্রধান অতিথি তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
এ সময় কুসুমপুরা ইউনিয়নসহ পটিয়া উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


