দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সম্প্রসারণের জন্য জনশক্তির দক্ষতা উন্নয়ন একটি অপরিহার্য শর্ত। বর্তমান বৈশ্বিক প্রতিযোগিতামূলক অর্থনীতিতে দক্ষ ও কর্মমুখী মানবসম্পদ ছাড়া উন্নয়নকে টেকসই করা সম্ভব নয়। তবে বাস্তবতা হলো, দেশে এখনো প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তির ঘাটতি বিদ্যমান, যা অর্থনৈতিক অগ্রযাত্রার অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
এই দক্ষতার ঘাটতি পূরণ এবং কর্মসংস্থানমুখী দক্ষতা তৈরির লক্ষ্যে বাংলাদেশ অর্থ মন্ত্রণালয়ের অধীনে SICIP (Skills for Industry Competitiveness and Innovation Program) প্রকল্প দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর সঙ্গে গত ১৫ই জানুয়ারি ২০২৬ তারিখে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়, যার মাধ্যমে বিপিও ও আউটসোর্সিং খাতে দক্ষ জনবল তৈরিতে যৌথভাবে কাজ করার নতুন অধ্যায় সূচিত হয়।
চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিকতায় SICIP প্রকল্পের পক্ষ থেকে স্বাক্ষর করেন জনাব মোহাম্মদ ওয়ালিদ হোসেন, অতিরিক্ত সচিব, নির্বাহী প্রোগ্রাম পরিচালক এবং বাক্কোর পক্ষ থেকে স্বাক্ষর করেন সভাপতি জনাব তানভীর ইব্রাহীম। উক্ত আয়োজনে আরও উপস্থিত ছিলেন SICIP প্রলল্পের পক্ষ থেকে জনাব মায়েনুল হাসান, যুগ্ম সচিব, ডিইপিডি, ফান্ড ম্যানেজমেন্ট; জনাব ভূঁইয়া মোহাম্মদ রেজাউর রহমান সিদ্দিক, উপসচিব, এইপিডি, প্রোগ্রাম ম্যানেজমেন্ট, এবং অন্যান্য প্রতিনিধিগণ। বাক্কোর কার্যনির্বাহী কমিটি থেকে উপস্থিত ছিলেন , সাধারন সম্পাদক জনাব ফয়সল আলিম, সহ সভাপতি মোঃ তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক, পরিচালক সায়মা শওকত, এবং বাক্কো সচিবালয়ের নির্বাহী পরিচালক লে: কর্নেল (অব:) মো: মাহতাবুল হক, পিএসসি। অনুষ্ঠানে উভয় পক্ষ প্রকল্পটির লক্ষ্য, বাস্তবায়ন কাঠামো এবং শিল্পখাতে এর সম্ভাব্য প্রভাব নিয়ে মতবিনিময় করেন।
চুক্তি অনুযায়ী, প্রকল্পটির কার্যক্রম ২০২৮ সাল পর্যন্ত চলবে। এই সময়ের মধ্যে দেশব্যাপী ১৫টি প্রশিক্ষণ সেন্টারের মাধ্যমে মোট ১০,০০০ জন তরুণ-তরুণীকে প্রশিক্ষণ প্রদান করা হবে যার মধ্যে কমপক্ষে ৬৫ শতাংশ প্রশিক্ষিত বা SICIP Graduates দের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। উল্লেখযোগ্যভাবে, এই উদ্যোগে নারীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং মোট প্রশিক্ষণার্থীর কমপক্ষে ৩০ শতাংশ নারী অংশগ্রহণ নিশ্চিত করা হবে। প্রকল্পটির আওতায় ৮টি বিশেষায়িত কোর্স পরিচালিত হবে, যা অংশগ্রহণকারীদের আধুনিক, বাজারমুখী ও কর্মসংস্থানযোগ্য দক্ষতা অর্জনে সহায়তা করবে।
এই যৌথ উদ্যোগের মাধ্যমে শিল্পখাতের প্রয়োজন অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি, যুবসমাজের কর্মসংস্থান সক্ষমতা বৃদ্ধি এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ইতিবাচক অবদান রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। SICIP ও বাক্কোর এই অংশীদারিত্ব দক্ষতা উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


