চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শহীদ আবদুর রব হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় চবি কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান। উদ্বোধনী অনুষ্ঠানে ব্যতিক্রমী উদ্যোগ হিসাবে হল সংসদ কর্তৃক মার্চপাস্টের সময় ‘Justice For Hadi’ প্লেকার্ড প্রদর্শন করেন হলের ক্রীড়াবিদরা, যা উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষণ করেছে এবং প্রশংসা কুড়িয়েছে।
উদ্বোধনকালে চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে শিক্ষা, গবেষণা ও ক্রীড়া থেকে শুরু করে সব ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিনি বলেন, আজকের অনন্য উদাহরণ হচ্ছে শহীদ আবদুর রব হল ছাত্রসংসদ কর্তৃক ক্রীড়াবিদদের ‘Justice For Hadi’ প্লেকার্ড প্রদর্শন। আমরা জাতি হিসাবে শহীদ ওসমান হাদিকে কখনো ভুলবো না। শৃঙ্খলা, নিয়মাবর্তিতা, শিক্ষা-গবেষণা ও ক্রীড়া ক্ষেত্রে এ হলের শিক্ষার্থীদের অবদান রাখবে বলে প্রত্যাশা করি।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া ও ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চবি শহীদ আবদুর রব হলের প্রভোস্ট প্রফেসর ড. এ.কে.এম আরিফুল হক সিদ্দিকী। অনুষ্ঠানে চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব মো. হাবিবুর রহমান জালাল উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের সুরের মূর্ছনায় উপ-উপাচার্য জাতীয় পতাকা, ডিনবৃন্দ বিশ্ববিদ্যালয়ের পতাকা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) অলিম্পিক পতাকা এবং শহীদ আবদুর রব হলের প্রভোস্ট হল পতাকা উত্তোলন করেন। মশাল হাতে মাঠ প্রদক্ষিণ করেন হলের কৃতী ক্রীড়াবিদ মো. জহিরুল ইসলাম ও চিংসাইমং মারমা। বিচারকদের পক্ষে প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম এবং ক্রীড়াবিদদের পক্ষে হলের কৃতী ক্রীড়াবিদ তরিফুল ইসলামকে উপ-উপাচার্য শপথ বাক্য পাঠ করান। শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষক জনাব শরিফুল ইসলাম এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় ক্রীড়াবিদদের মার্চপাস্ট। হলের পতাকা বহন করেন হলের কৃতী ক্রীড়াবিদ আশিকুর রহমান আসিফ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শহীদ আবদুর রব হল ছাত্রসংসদের ভিপি বোরহান উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে চবি বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, শহীদ আবদুর রব হলের আবাসিক শিক্ষকবৃন্দ, চাকসুর প্রতিনিধিবৃন্দ, শহীদ আবদুর রব হল সংসদের ভিপি, জিএসসহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন বিভাগের সভাপতি, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রের পরিচালকবৃন্দ, অফিস প্রধানবৃন্দ, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।


