বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ধানের শীষের বিজয়ের মাধ্যমেই ফটিকছড়ি ভালো থাকবে, ভালো থাকবে বাংলাদেশ। দীর্ঘ আন্দোলন – সংগ্রামের ধারাবাহিকতায় জনগণের ভোটে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই শেষ হবে আগামী ১২ তারিখ। ধানের শীষের বিজয়েই গণতন্ত্র ও উন্নয়ন নিশ্চিত হবে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে ফটিকছড়ি সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি দীর্ঘ ১৭-১৮ বছর ধরে গুম, হত্যা, মামলা, কারাবরণ ও নানা নির্যাতনের মধ্য দিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে। দলের নেতাকর্মীরা ব্যবসা-চাকরি হারিয়েছেন, পুলিশের হেফাজতে মৃত্যু হয়েছে, চিকিৎসার অভাবে জেলখানায় প্রাণ হারিয়েছেন অনেকে- তবুও তারা সাহস হারাননি।
তিনি বলেন, এই আন্দোলন এখনো শেষ হয়নি। ১২ তারিখের ভোটের মধ্য দিয়েই ইনশাআল্লাহ এই আন্দোলনের চূড়ান্ত পরিণতি ঘটবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনের মাধ্যমে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।
বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, কোনো বিদেশি শক্তির হাতে বাংলাদেশ পরিচালিত হবে না। রাজনীতির পাশাপাশি অর্থনীতিকেও গণতান্ত্রিক করতে হবে। এখানকার সম্পদ ও সুযোগ কাজে লাগিয়ে মানুষের ভাগ্য পরিবর্তন করা হবে, যা জাতীয় অর্থনীতিকে এগিয়ে নেবে।
জনসভায় প্রধান বক্তা ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক বিচারপতি ফয়সল মাহমুদ ফয়জী। সভাপতিত্ব করেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ছালাউদ্দিন।
সভায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীর বলেন, তরুণ সমাজকে শিক্ষিত করে শিল্পায়নের মাধ্যমে ফটিকছড়ির অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানো হবে। মিরসরাইয়ের মতো ফটিকছড়িতে শিল্পকারখানা গড়ে তোলা হবে। এতে কর্মসংস্থান সৃষ্টি হবে এবং এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে।
জনসভায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।


