প্রিমিয়ার ইউনিভার্সিটির হাজারী লেইনস্থ ভবনে প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের এলএলবি (অনার্স) ৫৮তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
০৪ মার্চ (বুধবার) দুপুরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। আইন বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক অনুপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় ট্রেজারার ড. জাহেদ হোছাইন সিকদার, আইন অনুষদের অ্যাডজাঙ্কট ডিন প্রফেসর মোহাম্মদ মোরশেদ মাহমুদ খান, সহকারী ডিন জনাব তানজিনা আলম চৌধুরী ও প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী। মঞ্চে আরও ছিলেন কমপ্লেইন্ট কমিটির আহ্বায়ক ড. মেহের নিগার। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, বাংলাদেশে প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের বেশ সুনাম আছে, আছে ঈর্ষণীয় পর্যায়। আমাদেরকে এই সুনাম, এই ঈর্ষণীয় পর্যায় ধরে রাখতে হবে। এটা সম্ভব যদি তোমরা ভালোভাবে পড়াশোনা কর, ভালো রেজাল্ট কর এবং চমৎকার সাফল্য অর্জন কর। তিনি আরও বলেন, আমি চাই, তোমরা ভবিষ্যতে আইনজীবী হয়ে আইনকে মানবতার কল্যাণে প্রয়োগ করবে। তোমাদের অধ্যয়ন যাতে যথাযথ হয়, সেজন্য প্রিমিয়ার ইউনিভার্সিটির পক্ষ থেকে আমি সকল সহযোগিতা অব্যাহত রাখব। তোমাদের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সবসময় তোমাদের পাশে থাকবে।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার ড. জাহেদ হোছাইন সিকদার তাঁর বক্তব্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন। তিনি বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির ব্যাচেলর অব লজ (এলএল.বি. অনার্স)-সহ পাঁচটি প্রোগ্রাম বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল থেকে অ্যাক্রেডিটেশন সনদ পাচ্ছে। সুতরাং এই বিভাগের শিক্ষার্থীরা এই বিভাগ থেকে পাশ করে বের হবার পর আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ করার এবং সহজে তাদের পেশাগত জীবন গড়ে তোলার সুযোগ পাবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর মোহাম্মদ মোরশেদ মাহমুদ খান বলেন, প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগের অর্জন বাংলাদেশে অসামান্য ও অনন্য সাধারণ। সুতরাং তোমরা এই বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে পড়াশুনা করার সিদ্ধান্ত নিয়ে ভালো কাজ করেছ। আমি মনে করি, তোমরা এই বিভাগ থেকে আইন শিক্ষা গ্রহণ করে মানবিক গুণাবলীসম্পন্ন আইনজীবী হবে।
সহকারী ডিন জনাব তানজিনা আলম চৌধুরী বলেন, আজ থেকে তোমরা প্রিমিয়ার ইউনিভার্সিটি পরিবারের অংশ। আমি বিশ্বাস করি, আইনকে ভালোবেসে তোমরা তোমাদের অধ্যয়নকাল সম্পন্ন করবে।
প্রক্টর জনাব মোহাম্মদ সোলাইমান চৌধুরী নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রিমিয়ার ইউনিভার্সিটির কোড অব কন্ডাক্ট নিয়ে আলোচনা করেন।
সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অনুপ কুমার বিশ্বাস নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ড. মেহের নিগার এবং নবীন শিক্ষার্থী তসলিম জাহান ও শাহসীর খান। সহকারী অধ্যাপক জনাব ইয়াসমিন ফারজানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


