কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাই-চট্টগ্রাম সড়কের কাপ্তাই উপজেলাধীন ব্যাঙছড়ি বেইলি ব্রীজের রেলিংয়ে ইটবোঝাই মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনা কবলিত হওয়ায় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) বেলা প্রায় ১১টায় এই দূর্ঘটনা ঘটে।
স্থানীয় এবং প্রত্যক্ষ সূত্রে জানা গেছে, ঘটনার সময় চট্টগ্রামের রাগুনীয়া থেকে কাপ্তাই অভিমুখে ছুটে আসা একটি ইটবোঝাই মিনি ট্রাক ব্যাঙছড়ি বেইলি ব্রিজে উঠতেই বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এসময় ট্রাকটি ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে দূর্ঘটনার শিকার হয়। ফলে ব্রিজের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটকে থাকা ট্রাকটি উদ্ধারের উদ্যোগ নেয়।
এবিষয়ে কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায় এবং গাড়িটি উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করে। দূর্ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
প্রসঙ্গত, কাপ্তাই-চট্টগ্রাম সড়কের ব্যাঙছড়ি বেইলি ব্রিজটি অতিসরু এবং ঝু্ঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই ২/৩ বছর পূর্বে এখানে একটি পাকা ব্রিজ নির্মাণ কাজ শুরু করে চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু পাইলিং করার সময় মাটির নিচে বড় ধরনের পাথর পড়ায় মাঝপথে কাজ বন্ধ করে দেওয়া হয় এবং পুনরায় টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ব্রিজের কাজ আরম্ভ হবে বলে সওজ বিভাগ জানিয়েছে।


