শফিউল আলম, রাউজান: চট্টগ্রামের রাউজান উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বাসন্তী পূজা। উপজেলার বিভিন্ন মন্দির ও পূজা মণ্ডপে ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। বাসন্তী পূজা উপলক্ষে সকাল থেকেই মণ্ডপগুলোতে পূজার্চনা, আরতি ও প্রসাদ বিতরণের আয়োজন করা হয়। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী ভক্তরা নতুন পোশাকে মণ্ডপে এসে দেবী দুর্গার আশীর্বাদ প্রার্থনা করেন। ঢাক-ঢোলের শব্দ, শঙ্খধ্বনি ও উলুধ্বনিতে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ।এ আনন্দ উৎসবে অংশ নেন বিএনপি নেতাকর্মীরাও।
শুক্রবার (২৭ মার্চ) রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের ছিটিয়াপাড়া এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন রাউজান পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুর হক মঞ্জু।পরিদর্শন শেষে তিনি ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদল নেতা সাইফুদ্দিন রুবেল, বিএনপি নেতা মিজান, সমাজসেবক সাজ্জাদ হোসেন তালুকদার মুন্না, যুবদল নেতা মিজান উদ্দিন রিপন।এছাড়া পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট অসীম দাশ, টুনটু রাম দাশ, অভিষেক দাশগুপ্ত, সাগর দাশ গুপ্ত, পার্থ দাসসহ অন্যান্য নেতৃবৃন্দ।বাসন্তী পূজাকে কেন্দ্র করে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে উৎসবের আমেজ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। পূজা মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে ভক্তিমূলক সংগীত, নৃত্য ও লোকজ পরিবেশনা পরিবেশিত হয়। স্থানীয় শিল্পী ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে দর্শনার্থীদের মধ্যে সৃষ্টি হয় বাড়তি উচ্ছ্বাস।নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সী মানুষ এসব সাংস্কৃতিক আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।বক্তারা বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের মাধ্যমে এ ধরনের উৎসব সমাজে শান্তি, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেয়।


