সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল রোববার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপাচার্য(ভারপ্রাপ্ত) ড. শরীফ আশরাফউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা অধ্যাপক সরওয়ার জাহান, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. প্রকৌশলী মোজাম্মেল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. ইসরাত জাহান, অধ্যাপক ড. সালেহ জহুর, রেজিস্ট্রার এ এফ এম মোদাচ্ছের আলী, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষকসহ কর্মকতার্রা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সব বীর মুক্তিযোদ্ধাদের যাদের প্রাণের বিনিময়ে আমরা স্বাধীন দেশ পেয়েছি। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন তাই আমাদের তরুণ প্রজন্মের উচিৎ দেশকে ভালোবেসেই এই অর্জনকে সমুন্নত রাখা। একমাত্র সুশিক্ষার মাধ্যমে স্বাধীনতার মর্যাদা, গৌরব ও ইতিহাস ধরে রাখা যাবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় অর্জিত হয়েছিলো স্বাধীনতা তাই মহান এই অর্জনকে ঐক্যবদ্ধভাবেই রক্ষা করতে হবে। সত্যিকার অর্থে দেশকে ভালোবাসতে পারলে তবেই বীর শহীদদের আত্মত্যাগের মর্যাদা অক্ষুন্ন থাকবে।
পরে বীর শহীদদের আত্মার মাগফেরাত, দেশ, জাতি, প্রতিষ্ঠানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মুহাম্মদ মহিউদ্দিন।


