কাপ্তাই(রাঙামাটি) প্রতিনিধি: কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউনিয়নে বিশ্বজিৎ কর্মকার (৬৫) নামে এক ব্যক্তি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (১ এপ্রিল) বেলা ১টার সময় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধুছড়ি এলাকায় এঘটনা ঘটে। নিহত বিশ্বজিৎ কর্মকার ওই এলাকার মৃত হরে কৃষ্ণ কর্মকারের ছেলে। স্থানীয় ইউপি সদস্য অমল কান্তি দে আত্মহত্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বিশ্বজিৎ কর্মকার দীর্ঘ দিন ধরে শারীরিক অসুস্থতা ও মানসিক সমস্যায় ভুগছিলেন। ইউপি সদস্য অমল কান্তি দে আরও জানায়, প্রায় এক বছর আগে তিনি স্ট্রোক করেন। এরপর থেকেই তিনি দৃষ্টিহীন হয়ে পড়েন এবং চলাচলের ক্ষমতা হারান।
তার একমাত্র ছেলে কয়েক বছর আগে পরিবার ছেড়ে অন্যত্র চলে যায়। বাড়িতে কেবল তিনি ও তার বৃদ্ধ স্ত্রী বসবাস করতেন। দীর্ঘদিনের অসুস্থতা এবং বার্ধক্যজনিত অসহায়ত্বের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। ধারণা করা হচ্ছে, সেই বিষণ্ণতা থেকেই তিনি আত্মহননের পথ বেছে নিয়েছেন।
কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আগামীকাল বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে।
এবিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


