চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এর সঙ্গে বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর দেড়টায় উপাচার্য দপ্তরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
মাননীয় উপাচার্য চবি সাংবাদিক সমিতির সকল সদস্যদের শুভেচ্ছা ও স্বাগত জানান। তিনি বলেন, সাংবাদিকরা ক্যাম্পাসের মূল মুখপাত্র। সাংবাদিকরা দর্পণস্বরুপ। বিশ্ববিদ্যালয়ের ভালোমন্দ রিপোর্টারদের লেখনীর মাধ্যমে উঠে আসে। মাননীয় উপাচার্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সাংবাদিক সহযোগিতা কামনা করেন। উপস্থিত সবাইকে মাননীয় উপাচার্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং নানা বিষয়ে মাননীয় উপাচার্যকে অবহিত করেন এবং পরিচিত হন। বিশেষ করে আবাসন সংকট, আবাসিক হলসমূহের নানা বিষয়, ডিজিটালাইজেশন, ইন্টারনেটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। মাননীয় উপাচার্য অতিদ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস প্রদান করেন এবং কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।
চবি সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ নবনিযুক্ত মাননীয় উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন নেতৃবৃন্দ।
এছাড়া বিকাল ৫টায় চবি সাংবাদিক সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন চবি সাংবাদিক সমিতির সভাপতি রেফায়েত উল্যাহ রুপক, সহ-সভাপতি আজিম সাগর, সাধারণ সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মুনতাজ আলী, দপ্তর ও প্রচার সম্পাদক গোলাম রাব্বি, অর্থ ও প্রকাশনা সম্পাদক মহসিন, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক ফুয়াদ মন্ডল, কার্যনির্বাহী সদস্য শামীম হোসাইনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এছাড়া এদিন সকাল থেকে উপাচার্য দপ্তরে বিভিন্ন বিভাগ, হল, দপ্তর এবং ছাত্র সংগঠনসহ সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ মাননীয় উপাচার্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাৎ করেন। এরমধ্যে রয়েছে ইসলামিক স্টাডিজ বিভাগ, পদার্থবিদ্যা বিভাগ, ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, চবি রোভার স্কাউটস, চবি ইসলামী ছাত্রসেনা প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ উল্লেখযোগ্য।


