এক বছর পর মানোন্নয়নের সিদ্ধান্ত, বাড়বে যাত্রী স্বস্তি
ফাতিমা ফালগুনী. প্রিয় চট্টগ্রাম: চট্টগ্রাম-কক্সবাজার রুটে চলাচলরত আন্তনগর ট্রেন সৈকত এক্সপ্রেস ও প্রবাল এক্সপ্রেস-এ অবশেষে শীতাতপনিয়ন্ত্রিত (এসি) বগি যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে। চলাচল শুরুর প্রায় এক বছর পর এই সিদ্ধান্তে যাত্রীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের আভাস মিলেছে।
রেলওয়ের কর্মকর্তারা জানান, যাত্রী চাহিদা ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করতে ট্রেন দুটিতে এসি আসন ও কেবিন সংযোজন করা হবে। তবে কবে নাগাদ এসব বগি সংযুক্ত হয়ে চলাচল শুরু করবে, তা এখনো নির্ধারিত হয়নি।
রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী সাদেকুর রহমান বলেন, এই রুটের আন্তনগর ট্রেনের মানোন্নয়নে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে এসি সুবিধা না থাকায় যাত্রীদের আগ্রহ কমে গেছে।
রেল সূত্র জানায়, ২০২৩ সালের ১ ডিসেম্বর চালু হওয়া কক্সবাজার রেলপথে শুরুতে শুধু ঢাকা থেকে ট্রেন চলাচল করলেও, পরবর্তীতে ২০২৪ সালের ১ ফেব্রুয়ারি থেকে চট্টগ্রামুকক্সবাজার রুটে দুই জোড়া নিয়মিত ট্রেন চালু হয়। তবে এসব ট্রেনে আধুনিক সুবিধার ঘাটতি ছিল।
নতুন পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি ট্রেনে ১টি (এসি কেবিন) কোচ, ৩টি এসি চেয়ার (স্নিগ্ধা) কোচ, ৮টি (শোভন) চেয়ার কোচ সহ মোট ১৬টি কোচ (বগি) থাকবে। বর্তমানে ব্যবহৃত পুরোনো কোচগুলো বদলে উন্নত বগি সংযোজন করা হবে।
যাত্রীরা মনে করছেন, এসি বগি সংযোজন এ রুটে যাত্রীসংখ্যা বাড়াবে এবং পর্যটকদের জন্য ভ্রমণ আরও স্বাচ্ছন্দ্যময় করবে। তবে কক্সবাজার স্টেশননে অপ্রতুল সুযোগ সুবিধা, সেবার মান, সময়ানুবর্তিতা ও টিকিট ব্যবস্থাপনার উন্নয়ন এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।
উল্লেখ্য, প্রতিদিন নির্ধারিত সময়সূচি অনুযায়ী এই রুটে ট্রেন চলাচল করছে এবং সোমবার সাপ্তাহিক বন্ধ থাকে।


