চট্টগ্রামের বাঁশখালীতে ৪ হাজার পিস ইয়াবাসহ মাহবুব আলম (৩৫) ও মো. পারভেজ (২৪) নামে দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে বাঁশখালী থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
শনিবার (৬ জুন) সকালে বাঁশখালী পৌরসভার থানা গেইট সংলগ্ন প্রধান সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তাদের গ্রেফতার করা হয়। বাঁশখালী থানা উপ-পরিদর্শক জামাল হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত: মাদক কারবারি মাহবুব আলম ও মো. পারভেজ কক্সবাজার জেলার চকরিয়া থানার কৈয়ারবিল ইউপির ইসলামনগর এলাকার বাসিন্দা।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, ‘বাঁশখালীর প্রধান সড়কস্থ থানার গেইটে চেকপোস্ট বসিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।’


